News cover
12 hours ago

বাচ্চাদের সাথে মুক্তিযুদ্ধের গল্প করায় শিক্ষককে মারধর

generalpublished15 views

ভোলার চরফ্যাশন উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শ্রেণীকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের সাথে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে আলোচনা করায় তাঁকে ‘স্বৈরাচারের দোসর’ তকমা দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার পেছনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সরাসরি ইন্ধন ও যোগসাজশ রয়েছে বলে জানা গেছে।

আহত শিক্ষক আক্তার হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি চরফ্যাশন উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শিক্ষক আক্তার হোসেনের সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরোধ দীর্ঘদিনের। প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন খাত ও সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ ছিল। একজন সচেতন শিক্ষক হিসেবে আক্তার হোসেন এসব দুর্নীতির তীব্র প্রতিবাদ করায় প্রধান শিক্ষক আগে থেকেই তাঁর প্রতি ক্ষিপ্ত ছিলেন এবং তাঁকে ব্যক্তিগতভাবে হেনস্তা করার সুযোগ খুঁজছিলেন।

অভিযোগ উঠেছে, বর্তমান ও বিগত দুই সরকারের আমলেই ওই প্রধান শিক্ষক নিজের ক্ষমতার অপব্যবহার করে এসেছেন। বিগত সরকারের আমলে তিনি নিজেকে কট্টর ‘আওয়ামী লীগ’ দাবি করে ক্ষমতার দাপট দেখাতেন এবং আক্তার হোসেনের প্রতিবাদকে দমন করার চেষ্টা করতেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি ভোল বদলে তিনি এখন নিজেকে ‘বিএনপি’ নেতা হিসেবে দাবি করছেন। এই নতুন রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে এবং আক্তার হোসেনের মুক্তিযুদ্ধের আলোচনার সূত্র ধরে তিনি স্থানীয় কিছু সন্ত্রাসীকে লেলিয়ে দিয়ে এই কাপুরুষোচিত হামলা করিয়েছেন বলে ভুক্তভোগী পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

স্বাধীন বাংলাদেশে ক্লাসরুমে বসে শিশুদের সাথে মুক্তিযুদ্ধের গল্প করা এবং দেশের ইতিহাস নিয়ে কথা বলার কারণে একজন শিক্ষককে যেভাবে সন্ত্রাসী হামলার শিকার হতে হলো, তা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিক ও সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে বলছেন—দেশ কি তবে পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছে যে স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলা যাবে না? দুর্নীতিবাজ ও সুযোগসন্ধানী রাজনৈতিক ভোলবদলকারী প্রধান শিক্ষক এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

Uzzwal Dhali
+1
0 comments
0 replies
Guest avatar
Join the discussionLogin or register to post your comment.