চাকরির আশ্বাসে চট্টগ্রামে এসে চাকরি না পাওয়া এবং পরবর্তীতে মোবাইল ছিনতাইয়ের শিকার হয়ে ট্রেনে কাটা পড়ে করুণ মৃত্যু হয়েছে পম্পী বড়ুয়া নামের এক তরুণীর। জীবন ও জীবিকার অনিশ্চয়তায় দিশেহারা হয়ে পড়া এই তরুণীর এমন প্রয়াণে তাঁর পরিবার ও স্বজনদের মাঝে শোক ও আহাজারির মাতম চলছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে গত শনিবার চট্টগ্রাম নগরে আসেন পম্পী বড়ুয়া। একটি পোশাক কারখানায় (গার্মেন্টস) ঘণ্টার পর ঘণ্টা মৌখিক পরীক্ষা (ইন্টারভিউ) দেওয়ার পর কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে জানানো হয় যে তিনি মনোনীত হয়েছেন এবং পরদিন রবিবার থেকেই কাজে যোগ দিতে হবে।
তবে রবিবারে যথারীতি কাজে যোগ দিতে গেলে কারখানা কর্তৃপক্ষ হঠাৎ করেই জানায় যে তাঁর চাকরি হয়নি। চরম হতাশ হয়ে সেখান থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে একদল ছিনতাইকারী পম্পীর হাত থেকে তাঁর ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
অসহায় পম্পী পথচারী এক ব্যক্তির মোবাইল নম্বর থেকে শেষবারের মতো তাঁর স্বামীকে ফোন করেন। আবেগভরা কণ্ঠে স্বামীকে ‘ভালো থেকো’ বলা সেই বাক্যটিই ছিল পরিবারের সঙ্গে তাঁর শেষ কথা। পরবর্তীতে রবিবার চট্টগ্রামগামী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে। ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা — তা খতিয়ে দেখছে পুলিশ।
