সিলেট জেলার ফেঞ্চুগঞ্জের ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত হওয়া বিউটি রানী পালের ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ না করায় ক্ষিপ্ত হয়ে তাঁর ব্যক্তিগত ভিডিও ডাউনলোড ও সামাজিক যোগাযোগমাধ্যমে আজেবাজে ক্যাপশন দিয়ে ভাইরাল করার মারাত্মক অভিযোগ উঠেছে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের এক অনলাইন পত্রিকার সম্পাদক মো. আসিফ আহমদ ইকবাল হিরণের বিরুদ্ধে। শিক্ষক হেনস্তা ও সাইবার অপরাধের এই চাঞ্চল্যকর ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় শিক্ষক সমাজসহ দেশের সর্বস্তরের সাধারণ মানুষ। ইতিমধ্যে ভুক্তভোগী শিক্ষিকা অভিযুক্ত ওই অনলাইন এডিটরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনার বিবরণ ও ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ সূত্রে জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স শেষ করে প্রাথমিকে শিক্ষকতার মতো মহান ব্রত বেছে নেওয়া বিউটি রানী পালকে দীর্ঘদিন ধরে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আসছিলেন মো. আসিফ আহমদ ইকবাল। কিন্তু শিক্ষিকা সেই রিকোয়েস্ট গ্রহণ না করায় তিনি চরমভাবে ক্ষিপ্ত হন। পরবর্তীতে তিনি বিউটি রানী পালের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে তাঁর একটি শালীন ভিডিও অনুমতি ছাড়াই ডাউনলোড করে নেন। এরপর সেই ভিডিওটি তাঁর নিয়ন্ত্রণাধীন অনলাইনের পেজ ও নিজের ব্যক্তিগত আইডি থেকে উসকানিমূলক, আজেবাজে ক্যাপশন ও কটূক্তি লিখে প্রকাশ করে ভাইরাল করে দেন।
শিক্ষিকা বিউটি রানী পাল জানান, ভিডিওটি ছড়ানোর পর হিরণ তাঁকে সরাসরি ফোন করে ‘বাড়ি কোথায়’ কিংবা ‘তিনি স্থানীয় কি না’—এমন নানা ব্যক্তিগত ও অসংলগ্ন প্রশ্ন করে চরম হেনস্তা করেন। শিক্ষিকা বিনয়ের সাথে তাঁকে সেই আপত্তিকর ও অবমাননাকর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলার (ডিলিট) অনুরোধ জানালেও হিরণ তা সরাসরি প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে নিজের সম্মান রক্ষা ও এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি পুলিশ প্রশাসনের শরণাপন্ন হন এবং আইনগত পদক্ষেপ হিসেবে থানায় মামলা দায়ের করেন।
এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সিলেটসহ সারাদেশে প্রতিবাদ ও ক্ষোভের ঝড় উঠেছে। শাবিপ্রবি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করার পরও কর্পোরেট বা বিলাসবহুল জীবন ছেড়ে কোমলমতি শিশুদের ভবিষ্যৎ গড়ার পথে নামা এই গুণী শিক্ষিকার পাশে এসে দাঁড়িয়েছেন শিক্ষক সমাজ, সচেতন নাগরিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। একজন শ্রেষ্ঠ শিক্ষককে এভাবে কুৎসিত মনস্তাত্ত্বিক নির্যাতন ও সাইবার বুলিং করার অপরাধে অভিযুক্ত মো. আসিফ আহমদ ইকবাল হিরণকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সবাই। একই সাথে শিক্ষিকা বিউটি রানী পালের সাহস ও সততার প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাঁর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছেন দেশের আপামর জনগণ।
