গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় বাবার বাড়িতে বেড়াতে এসে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামের উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত সোমবার (৩১ আগস্ট) রাতে পূবাইল থানার ডেমরপাড়া এলাকায় নিজ ঘরের সিলিংয়ের সাথে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পরিবার ও স্থানীয় সদস্যরা তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত প্রাপ্তি মল্লিক পূজা উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার অধিবাসী শিশির চন্দ্র রায়ের সাথে পারিবারিকভাবে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছিল। এই দম্পতির কোনো সন্তান ছিল না।
ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ বা পারিবারিক কলহ জড়িত রয়েছে—তা জানতে তদন্ত শুরু করেছে পূবাইল থানা পুলিশ। এই মেধাবী শিক্ষার্থীর আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে তাঁর পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায় নেমে এসেছে।
