ব্যাংক থেকে লোন নেওয়া টাকায় একটি সিএনজি অটোরিকশা কিনে পরিবার নিয়ে সুন্দর ও সচ্ছল জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন অনু দে। কিন্তু সেই স্বপ্ন এক লহমায় চুরমার করে দিল একদল সশস্ত্র দুর্বৃত্ত। অস্ত্রের মুখে অপহরণ করে তাঁর সঙ্গে থাকা লোন নেওয়া আড়াই লাখ টাকা লুট করে নেওয়া হয়েছে এবং তাঁকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক হামলা চালানো হয়েছে বলে মারাত্মক অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী অনু দে ও তাঁর বোনের বয়ান অনুযায়ী, পরিবারের অভাব অনটন দূর করতে সম্প্রতি ব্র্যাক ব্যাংক (BRAC Bank) থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ (লোন) নেন অনু দে। সেই টাকা দিয়ে একটি সিএনজি অটোরিকশা কিনে নিজে চালিয়ে জীবিকা নির্বাহের পরিকল্পনা ছিল তাঁর।
ঘটনার বিবরণ দিতে গিয়ে অনু দে ও তাঁর বোন জানান, টাকা নিয়ে যাওয়ার পথে ইয়াছিন নগর উৎসবগ্রাম রোহিঙ্গা ক্যাম্পের নিকটবর্তী এলাকা থেকে জালাল মাঝির ছেলসহ মোট ৮ জনের একটি সংঘবদ্ধ চক্র অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে অনু দে-কে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে যায় এবং সাথে থাকা লোন নেওয়া পুরো আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। কেবল টাকা লুট করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, অনু দে-কে নৃশংসভাবে মারধর করে হত্যার উদ্দেশ্যে হামলাও চালানো হয়।
এমন নৃশংস ঘটনার পর চরম অসহায়ত্ব ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে অনু দে-র পরিবার। কষ্টার্জিত লোনের টাকা হারিয়ে এবং শারীরিক আঘাত সহ্য করে তারা এখন সুবিচারের জন্য আকুল আবেদন জানাচ্ছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্ত জালাল মাঝির ছেলেসহ ঘটনায় জড়িত ৮ দুর্বৃত্তকে দ্রুত আইন ও গ্রেপ্তারের আওতায় এনে লুটের টাকা উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
