নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মংলায় ধীমান মন্ডল নামের এক ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম এবং অর্থ ও মোবাইল লুটের ঘটনা ঘটেছে। গত ১৫ জুন ২০২৬, সোমবার মংলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাংলাদেশ হোটেলের সামনে, দুলালের চায়ের দোকানের পাশে এই নৃশংস ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত ধীমান মন্ডল খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত সুকুমার মন্ডলের ছেলে ধীমান মন্ডলের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি চক্র। গত সোমবার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মংলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আজিজ ফোরম্যানের ছেলে নয়ন আকন দেশীয় অস্ত্র দিয়ে ধীমান মন্ডলের ওপর উপর্যুপরি হামলা চালায়। নয়ন আকন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত।
হামলাকারী নয়ন আকন ধীমান মন্ডলকে রক্তাক্ত ও মারাত্মক জখম করে তার কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ধীমান মন্ডলের অবস্থার অবনতি দেখে স্থানীয় জনসাধারণ তাকে উদ্ধার করে দ্রুত খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ
এই জঘন্য ও নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাগেরহাট জেলা শাখা।
সংগঠনের আহ্বায়ক প্রদীপ বসু সন্তু এবং সদস্য সচিব শিমুল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে বলেন, "দিনের আলোতে একজন নিরীহ মানুষের ওপর এভাবে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কায়দায় হামলা ও লুটপাট অত্যন্ত জঘন্যতম অপরাধ। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।"
নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে এই ঘটনার মূল হোতা নয়ন আকনসহ প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং স্থানীয় পুলিশ প্রশাসন অপরাধীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
