News cover
15 hours ago

মোংলায় জমির বিরোধে হিন্দু পরিবারের ৭ সদস্যকে পিটিয়ে জখম

generalpublished11 views

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক হিন্দু পরিবারের নারী ও পুরুষসহ সাতজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৩ জুন) সকালে এ হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দত্তেরমেঠ এলাকার বাসিন্দা সন্দীপ মন্ডল (৬৫) এবং তার প্রতিবেশী লুৎফর ফকিরের (৫৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধপূর্ণ জমির সীমানা নির্ধারণের লক্ষ্যে মঙ্গলবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমি মাপজোখের (আমিন দ্বারা পরিমাপ) কাজ শুরু হয়।

অভিযোগ অনুযায়ী, জমি মাপজোখ চলাকালেই আকস্মিক লুৎফর ফকির ও তার সহযোগীরা লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সন্দীপ মন্ডলের পরিবারের ওপর হামলা চালান। হামলায় সন্দীপ মন্ডল, গোপাল চন্দ্র (৪২), মনোজিত মন্ডল (৪২), শিপু মন্ডল (২৪), নিপু মন্ডল (৩৪), রিম্পা মন্ডল (২২) এবং কল্পনা মন্ডল (৫৫) গুরুতর আহত হন।

আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাত্ব অবস্থায় আহতদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এই নৃশংস হামলার ঘটনায় একই দিন (মঙ্গলবার) বিকেলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে লুৎফর ফকির, রজব আলী (৭০) ও ফাহাদ (২৮)-সহ হামলায় জড়িতদের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মোংলা থানা পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

0 comments
0 replies
Guest avatar
Join the discussionLogin or register to post your comment.