নড়াইলের নড়াগাতী থানার নলামারা গ্রামে গভীর রাতে এক সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় এক স্কুলশিক্ষক ও তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে ঢুকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ডাকাত দলটি দরজার তালা ভেঙে নলামারা গ্রামের মৃত বিষ্ণু চরণ বেপারীর ছেলে সুনীল চন্দ্র বেপারী ও বৃন্দাবন চন্দ্র বেপারীর যৌথ বাড়িতে প্রবেশ করে। ঘরে ঢুকেই ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে ফেলে। একপর্যায়ে বাগুডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুনীল চন্দ্র বেপারী বাধা দিতে গেলে ডাকাতরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামীর ওপর হামলা ঠেকাতে গিয়ে স্ত্রী কল্যাণী রানী সরকারও আহত হন। তিনি স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বর্বরোচিত ডাকাতি ও হামলার ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করতে এবং মালামাল উদ্ধারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
এদিকে, গভীর রাতে শিক্ষক দম্পতির ওপর এমন নৃশংস হামলার ঘটনায় পুরো নলামারা গ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় এলাকাবাসী ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে ডাকাতদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
