সাতক্ষীরা জেলার তালা উপজেলায় দীর্ঘদিনের রোগশয্যার অবসান ঘটিয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন দিপালী রানী। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মূলত দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, দিপালীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর স্বামী শ্যামল কুমার জীবনের শেষ চেষ্টা হিসেবে স্ত্রীকে বাঁচাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন নামী-দামী চিকিৎসা কেন্দ্রে ছুটে বেড়ান। খুলনায় অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার আশায় স্ত্রীকে নিয়ে তিনি রাজধানী ঢাকাতেও আসেন। তবে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা ও ঢাকা থেকে পুনরায় মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরও পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। দিন দিন শারীরিক অবস্থার চরম অবাবনতি হতে দেখে চিকিৎসকদের পরামর্শে নিরুপায় হয়ে শেষ দিনগুলোতে শ্যামল তাঁর প্রিয়তমা স্ত্রীকে নিয়ে সাতক্ষীরার তালার গ্রামের বাড়িতে ফিরে যান। সেখানে গতকাল সকালে পৃথিবীর মায়া ত্যাগ করেন দিপালী।
স্ত্রীর এই আকস্মিক ও বেদনাদায়ক প্রস্থানে জীবনের সবচেয়ে প্রিয় ও ভালোবাসার মানুষকে হারিয়ে সম্পূর্ণ স্তব্ধ ও ভেঙে পড়েছেন স্বামী শ্যামল কুমার। দীর্ঘদিনের এই কষ্টের লড়াইয়ে ছায়ার মতো পাশে থাকা জীবনসঙ্গিনীকে চিরতরে হারিয়ে তাঁর পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
