রংপুরের জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যার বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক একক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী জয় বিশ্বাস ৩ দফা দাবিতে দীর্ঘ চার ঘণ্টা ধরে এই অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও জনগণের নিরাপত্তার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী জয় বিশ্বাস ৩টি প্রধান দাবি উত্থাপন করেন —
স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক চরম অবনতির দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে।
দ্রুত বিচার নিশ্চিতকরণ: রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে বর্বরোচিতভাবে হত্যাকারী অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
নিরাপত্তার সুনির্দিষ্ট পরিকল্পনা: সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের প্রতিটি সাধারণ নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে জনগণের সামনে সুনির্দিষ্ট ও স্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করতে হবে।
অবস্থান কর্মসূচিসহ নিজের এই আন্দোলন ও দাবির প্রতি দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও দেশের সাধারণ জনগণকে একাত্মতা ও সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন জগন্নাথ হলের শিক্ষার্থী জয় বিশ্বাস।
