News cover
23 hours ago

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ কিশোরী সিলেট থেকে উদ্ধার

generalpublished24 views

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে নিখোঁজ হওয়া চার কিশোরীকে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্নেহাশীষ কুমার দাস।

তিনি বলেন, সিলেটের একটি বাস কাউন্টারে বাসের জন্য অপেক্ষারত অবস্থায় চার কিশোরীকে উদ্ধার করা হয়। তারা সিলেটের গোয়াইনঘাট এলাকায় যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।

এদিকে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কিশোরীদের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই জেলা পুলিশ অভিযান শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও নিবিড় নজরদারির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয় এবং পরে সিলেট থেকে তাদের উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সিলেটে যাওয়ার আগে কিশোরীরা রাজধানী ঢাকায় গিয়েছিল। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, একটি সংঘবদ্ধ মানবপাচার চক্র প্রলোভন দেখিয়ে তাদের সীমান্ত পার করে ভারতে পাচারের চেষ্টা করছিল।

সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, কিশোরীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া কিশোরীদের পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মানবপাচার চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

Community Trust Score: 100%
Uzzwal Dhali
Bijoy Podder Sujoy
Sushanta
+4
0 comments
0 replies
Guest avatar
Join the discussionLogin or register to post your comment.